‘খোজ মিলেছে জোহার, ফিরবেন শিগগিরই’

আপডেট: ২০১৬-০৩-২২ ১৫:৩৫:৪৮


zoha_7591পাঁচ দিন ধরে নিখোঁজ তথ্য-প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা ‘শিগগিরই ফিরছেন’ বলে তার পরিবার সূত্রে জানা গেছে। তবে কবে নাগাদ তিনি (জোহা) ফিরতে পারেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি জোহার পরিবারের ওই সদস্য।

নাম প্রকাশ না করার শর্তে জোহার পরিবারের এক সদস্য যুগান্তরকে বলেন, ‘আমরা আশায় আছি- জোহা শিগগিরই ফিরবে। তার যেন কোনো সমস্যা না হয়, সেভাবেই আমাদের এগোতে হবে। এ বিষয়ে আমরা সজাগ।’

এর আগে জোহার স্ত্রী ডাক্তার কামরুন নাহার জানান, গত বুধবার রাত ১২টার দিকে তার সঙ্গে ফোনে শেষবারের মতো কথা হয়। অফিস থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠে কলাবাগানের লেক সার্কাসের ১৮/৩ নম্বর বাসার দিকে রওনা হন।

পথেই কে বা কারা তাকে অন্য একটি গাড়িতে তুলে নেয়। ওই সময় জোহার সঙ্গে ছিলেন তার বন্ধু ইয়ামির আহমেদ। তিনিই ফোন করে অপহরণের খবর নিশ্চিত করেন।

ডাক্তার কামরুন নাহার জানান, এখনও ফিরে আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। জোহার মা ছেলের জন্য পাগলপ্রায়।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তানভীর নিজেকে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পরিচয় দিয়ে গণমাধ্যমে বিভিন্ন মতামত দেন।

অবশ্য পরে আইসিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তানভীরের সঙ্গে আইসিটি বিভাগের কোনো সম্পর্ক নেই।

সানবিডি/ঢাকা/রাআ