সংসদের সামনে ফিল্মি স্টাইলে ছিনতাইকারী ধরলেন ম্যাজিস্ট্রেট
প্রকাশ: ২০১৬-০৩-৩১ ১৪:৩৯:২১
ফিল্মি স্টাইলে গাড়ী থেকে নেমে রাজধানীর গণভবনের সামনে থেকে সুমন (২৫) নামের এক ছিনতাইারীকে হাতেনাতে ধরেছেন মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
বৃহস্পতিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপালিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মারুফ হোসেন সরদার।
তিনি জানান, বুধবার বেলা ১২টার দিকে ম্যজিস্ট্রেট মশিউর রহমান গাড়ীতে করে সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সুমন নামের ওই ছিনতাইকারীকে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে দেখে তিনি নিজেই গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করেন। পরে গণভবনের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করেন। এ সময় ছিনতাইকারীর হেফাজত হতে ছিনতাইকৃত একটি দামী স্মার্টফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে তিনি শেরে বাংলানগর থানা পুলিশের উপস্থিতিতেই ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ছিনতাইকারীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ওই মোবাইল ফোনের মালিক গণভবনের কর্মকর্তা বেলা রাণি রায়কে (৪৫) তার মোবাইল ফোনটি বুঝিয়ে দেন।
বেলা রাণি রায় বলেন, ‘এ রকম যদি সবাই এগিয়ে আসে তাহলে ছিনতাইসহ অন্যান্য অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














