সামগ্রিক পরিস্থিতি নির্বাচনকে ম্লান করেছে : সিইসি

প্রকাশ: ২০১৬-০৩-৩১ ২১:৪১:২৭


cecপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ‘বেশির ভাগ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট হলেও কিছু এলাকার সামগ্রিক পরিস্থিতি নির্বাচনকে ম্লান করেছে। এজন্য ৩৩টি কেন্দ্রে ভোট বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা হয়েছে বলে জানা গেছে। কেরানীগঞ্জে একটি শিশু নিহত হয়েছে।’

দ্বিতীয় ধাপে ৬৪৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে তিনি মনে করেন নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।

প্রথম ধাপের নিবাচনের পর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে বিশৃঙ্খলা কম হয়েছে বলেও দাবি করেন তিনি।

নির্বাচনে দায়িত্ব পালনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সিইসি বলেন, ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ। আগামীতেও এভাবে ভোটকেন্দ্রে দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘প্রথম ধাপের নির্বাচনে অবহেলার জন্য সংশ্লিষ্ট দুজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ১১ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় আর্থিক জরিমানা করা হয়।’

‘দ্বিতীয় ধাপেও বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বের করে শাস্তি দেওয়া হবে’ উল্লেখ করেন তিনি বলেন, ‘এসব ব্যবস্থা নেওয়ার ফলে ভবিষ্যতে নির্বাচন আরও সুষ্ঠু হবে।’ দেশব্যাপী সহিংসতায় নিহতদের জন্য শোক প্রকাশ ও আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

বিএনপির নির্বাচন বাতিল দাবি সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচন কেমন হয়েছে তা সংবাদমাধ্যমেও আপনারা দেখিয়েছেন। বিএনপির অনেক অভিযোগ আমরা আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসি সচিব সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্ম সচিব জেসমিন টুলী প্রমুখ।

সানবিডি/ঢাকা/আহো