কৃষি কাজে তরুণ-যুবকদের লজ্জা ভেঙ্গে দিয়েছি আমরা: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৩ ১৫:৩৯:৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিবান্ধব নীতির কারণেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগামী দিনেও এ ধারা অব্যাহত রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আগে কৃষি কাজ করতে তরুণ-যুবকরা লজ্জাবোধ করত। আমরা সেই লজ্জা ভেঙ্গে দিয়েছি। আগে কৃষক পরিচয় দিতে অনেকে লজ্জাবোধ করত। এখন তারা গর্ববোধ করে। আমি ছাত্রলীগের নেতাকর্মীদেরও মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছি। তারা মাঠে গিয়ে কৃষকের ধান কেটে দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপির শাসনামলে সারের দাবি করায় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে কৃষকের দোড়গোড়ায় সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
অনুষ্ঠানে যোগ দিতে বেলা ১১টায় শেখ হাসিনা গাজীপুরে পৌঁছান। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ব্রি’র কেন্দ্রীয় গবেষণাগারের সামনে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তিকেন্দ্র উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, কানাডার গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (সিইইউ) নির্বাহী পরিচালক ড. স্টেভিন ওয়েব, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ড. জেইন বালিই, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














