আরও ৯৪৭ বাসে ই-টিকিটিং চালু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-০১ ১০:৩০:৩৯
ভাড়া নৈরাজ্য রোধে রাজধানীতে তৃতীয় পর্যায়ে ১৩টি পরিবহনের ৯৪৭টি গাড়িতে ই-টিকিটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার থেকে এসব বাসের যাত্রীরা ই-টিকিটিং সুবিধা পাবেন।
মঙ্গলবার রাজধানীর পরিবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। প্রথম দুই দফায় পজ মেশিনে ভাড়া কাটা নিয়ে শত অভিযোগের মধ্যেই তৃতীয় পর্যায়ে নতুন এই পদ্ধতিতে ভাড়া আদায়ের ঘোষণা এলো। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নাম উল্লেখ করে বিভিন্ন পরিবহন কোম্পানির বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালের ১৩ নভেম্বর ৩০টি কোম্পানির ১ হাজার ৬৪৩টি বাসে ই-টিকিটিং সেবা প্রথম চালু করা হয়। এরপর চলতি বছরের ২৩ জানুয়ারি দ্বিতীয় পর্বে ১৬ কোম্পানির ৭১৭টি গাড়িতে একই সেবা চালু হয়। তিন পর্বে মিলিয়ে মোট পাঁচ হাজার বাসের মধ্যে ৩ হাজার ৩০৭টি ই-টিকিটের আওতায় আসতে যাচ্ছে।
খন্দকার এনায়েত উল্যাহ বলেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৪৬টি কোম্পানির ৭০ থেকে ৭৫ শতাংশ গাড়িতে ই-টিকিটিং পদ্ধতি কার্যকর হয়েছে। যেসব গাড়ি এখনো নিয়মের মধ্যে আসেনি, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, যাত্রীদের অভিযোগ ই-টিকিটিংয়ের টিকিটে দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ নেই। আশা করি, ১ সপ্তাহের মধ্যে ভাড়ার চার্ট পাওয়া যাবে। ভাড়ার চার্ট চূড়ান্ত হলে ডিভাইসে কিলোমিটার উল্লেখ করে দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নানা প্রতিবন্ধকতার কারণে পুরোপুরি ই-টিকিটিং সেবার পরিকল্পনা বাস্তবায়ন অনেক কঠিন কাজ। সব মিলিয়ে ভাড়ার অনিয়ম দূর করতে আরও সময়ের প্রয়োজন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














