‘ভালো ব্যবহার’ শেখাতে বিমানবন্দর কর্মীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-০২ ০৯:২০:২৬


বিমানবন্দরে কর্মরত সদস্যদের জন্য ‘প্যাসেঞ্জার সার্ভিস অ্যান্ড ফ্যাসিলিটেশন ইন সিভিল এভিয়েশন কোর্স’ চালু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যাত্রীবান্ধব পরিবেশ এবং যাত্রীদের সঙ্গে ‘ভালো ব্যবহার’ নিশ্চিত করতে এই কোর্স চালু হয়।

রাজধানীর হজরত শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে যাত্রী সেবার মানোন্নয়ন এবং বিশ্বমানের সেবাদান নিশ্চিত করতে কোর্সটি শুরু হয়েছে। এতে অংশ নেবেন বিমানবন্দরে কর্মরত ৫৬টি বিভিন্ন সংস্থার ১৫০০ জন সদস্য।

বুধবার (১ মার্চ) সিভিল এভিয়েশন একাডেমির সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

কোর্সটিতে প্রথম ধাপে শাহজালাল বিমানবন্দরে কর্মরত কাস্টমস, ইমিগ্রেশন, এপিবিএন, স্বাস্থ্য, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা, এভসেক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিদেশি বিমান সংস্থার মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন।

এই কোর্সে অংশগ্রহণকারীদের গর্বের প্রতীক হিসেবে ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ শিরোনাম সম্বলিত একটি মেডেল ও সনদ দেয়া হবে।

এম জি