সায়েন্সল্যাবের বিস্ফোরিত ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ: পুলিশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-০৫ ১৩:৩২:৫৭
রাজধানীর সায়েন্স ল্যাবে একটি ভবনে বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, ভবনটির অবস্থা এখন ভালো নয়, খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে ছোট ছোট অফিসসহ একটি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল। এ মুহূর্তে ভবনটিতে প্রবেশ করা ঠিক হবে না। আমরা ঝুঁকি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মহিদ উদ্দিন বলেন, বিস্ফোরণের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকটি কারণে বিস্ফোরণ ঘটতে পারে। সিলিন্ডার, বিদ্যুৎ এবং জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে। সঠিক কারণ বলা যাচ্ছে না। এটি বলতে সময় লাগবে।
এর আগে আজ রোববার (৫ মার্চ) সকালে সায়েন্স ল্যাব এলাকার সুকন্যা টাওয়ারের পাশের ভবনে বিস্ফোরণ ঘটে।
সায়েন্স ল্যাবের সুকন্যা টাওয়ারের পাশের ওই ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের নিহতের খবর পাওয়া গেছে। ধানমন্ডি থানার ওসি মো. ইকরাম আলী এ তথ্য জানিয়েছেন।
ধানমন্ডির পপুলার হাসপাতালের চিকিৎসক মোরসালিন গণমাধ্যমকে জানান, ৩০ থেকে ৪০ জন পপুলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। যে তিনজন নিহত হয়েছেন, বিস্ফোরণের সময়ই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এখানে চিকিৎসা নিতে আসা কয়েকজনকে ভর্তি করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজনকে পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














