আজ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৩-০৬ ১১:২৩:২৪


বায়ুদূষণের মাত্রা বিবেচনায় বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সোমবার সকালে ঢাকার অবস্থানের কিছুটা উন্নতি হয়েছে। সোমবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৭ স্কোর নিয়ে রাজধানী ঢাকার অবস্থান ১২তম। তবে এই স্কোরও অস্বাস্থ্যকর।

এদিকে, এদিন সকালে রাজধানীর মার্কিন দূতাবাস এলাকার বাতাস ছিল সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর। সে সময় ওই এলাকার স্কোর ছিল ১৯৪।

এছাড়া আইসিডিডিআর’বি (মহাখালী) এলাকার স্কোর ছিল ১৮৯। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকার স্কোর ছিল ১৫৯। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মুকাররম ভবনের আশেপাশের এলাকার স্কোর ছিল ১৫৯। গুলশানের বে ইজওয়াটার আউটডোর এলাকা স্কোর ছিল ১৫২। এগুলোর সবই ছিল ‘অস্বাস্থ্যকর’ এলাকার তালিকায়।

বায়ু বিশেষজ্ঞরা মতে, স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

সূত্র: আইকিউ এয়ার