গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৩-০৩-০৭ ১৯:০৬:০৩


গুলিস্তানের ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, ভবনের নিচতলায় স্যানিটারি দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে উপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনায় নয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মোট ৪১ জন ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাঁদের মধ্যে নয়জনকে মৃত অবস্থায় আনা হয়।

নিহত আটজনের মধ্যে দুই জন নারী এবংসাত জন পুরুষ বলে জানিয়েছেন বাচ্চু মিয়া। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

এর আগে গত রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়। তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

এএ