বিস্ফোরিত ভবন থেকে আরও ১ জনের মরদেহ উদ্ধার

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৯ ১২:৪৮:১৩


রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির বেসমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান শিকদার নিশ্চিত করেছেন। উদ্ধার নিহতের নাম স্বপন বলে জানা গেছে।

গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২১ জন মারা গেছেন।

বিস্ফোরণের ঘটনা তদন্তে এরইমধ্যে কমিটি গঠন করা হয়েছে। সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এম জি