গুলিস্তানে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-২৬ ১৪:৩১:২০


রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ হাসান (৩২) নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২৫ জন মারা গেলেন।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন বলেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় হাসান নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিলো। বিস্ফোরণের ঘটনায় এখানে আরও ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবু আহমেদ।

নিহতের ভাই রাহাতুল জানান, হাসান ফেরি করে স্কুল ব্যাগ ও ভ্যানিটি ব্যাগ বিক্রি করতেন। ঘটনার দিন সে ফুটপাত দিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলো।

এম জি