প্রতিবেদন নয়, শিশু নির্যাতনের জন্য শামসুজ্জামান গ্রেপ্তার: পররাষ্ট্র মন্ত্রণালয়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০১ ১৬:৫৪:০০
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লক্ষ করা যাচ্ছে, সাভারে কর্মরত প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তারের কারণ নিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান দাবি করেছে, ‘বাংলাদেশে জীবনযাপনের ব্যয়’ নিয়ে প্রতিবেদন করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে এ তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলা হয়, ‘শিশু নির্যাতন’ ও ‘শিশুকে নিজের স্বার্থে’ ব্যবহারের অভিযোগে শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বৈশ্বিক বাজারে দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বেড়েছে। এ নিয়ে অনেক গণমাধ্যমই ক্রমাগত প্রতিবেদন করে যাচ্ছে। তবে এ ধরনের প্রতিবেদনের জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। ওই সাংবাদিককে (শামসুজ্জামান) শিশু নির্যাতন ও শিশুকে নিজের স্বার্থসিদ্ধির কাজে ব্যবহার করার কারণে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ওই সাংবাদিক ৯ বছর বয়সী এক শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং ওই শিশুর নাম দিয়ে নিজের কথাগুলো লিখেছেন। এটি নিশ্চিতভাবেই শিশুর বিরুদ্ধে শোষণ ও নিপীড়নমূলক কর্মকাণ্ড। দ্বিতীয়ত, তিনি মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। এসব কর্মকাণ্ড নিশ্চিতভাবেই শাস্তিমূলক অপরাধ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার সব নাগরিক ও গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে বদ্ধপরিকর। তবে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সৎ সাংবাদিকতার চেতনাবিরোধী। জাতিসংঘের শিশু অধিকার সনদ (সিআরসি) সমর্থনকারী হিসেবে বাংলাদেশ সরকার এ ধরনের শিশু নিপীড়নমূলক কর্মকাণ্ড সহ্য করবে না। দেশের স্বাধীনতা দিবসকে অবমাননা করার এমন প্রচেষ্টাও সরকার মেনে নেবে না।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














