বঙ্গবাজারে আগুন : পুলিশের ওপর হামলার অভিযোগে তিনজন রিমান্ডে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৬ ১৯:১৬:৩৪
বঙ্গবাজারে অগ্নিনির্বাপণের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তিনজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলো—মো. রাজু, শাওন ও শাহাদাৎ হোসেন।
এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মাসুদুল হাসান। অপর দিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন প্রত্যাখ্যান করে প্রত্যেককে এক দিন করে রিমান্ড দেন।
এর আগে বংশাল থানার এসআই ইসরাফিল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ে ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ এপ্রিল বঙ্গবাজার হকার্স মার্কেটে আগুন নেভানোর জন্য বংশাল থানাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরসহ অন্যান্য ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট মার্কেটের আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছিল। একপর্যায়ে বঙ্গবাজার হকার্স মার্কেটে লাগা আগুন আশপাশে মার্কেটসহ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এনেক্স ভবনেও ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এমন ছিল, প্রচুর প্রচেষ্টা সত্ত্বেও ফায়ার সার্ভিস পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করতে পারছিল না। অধিকাংশ দোকান পুড়ে যাওয়ায় অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন দুষ্কৃতকারী মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্রসহ বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে বঙ্গবাজার হকার্স মার্কেটের বিপরীত পার্শ্বে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে হঠাৎ করেই ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। তারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতিসহ ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে সরকারি দায়িত্ব পালনে বলপূর্বক বাধা দেন।
ওই সময় ঘটনাস্থলে থাকা এডিসির ( চকবাজার জোন ) নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বাদী ও তার সহযোগীরা সরকারি সম্পত্তি রক্ষার্থে দুষ্কৃতকারীদের প্রতিহত করার চেষ্টা করে। তখন অজ্ঞাতনামা আসামিরা তাদের সরকারি কাজে বাধা দিয়ে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে, লোহার রড ও লাটিসোঁটা দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে বাদীকে গুরুতর আহত এবং ঘটনাস্থলে উপস্থিত থাকা এসআই মো. রুবেল খানকে জখম করে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














