বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি ভালো: ফুমিও কিশিদা
::গিয়াস উদ্দিন: টোকিও (জাপান) থেকে প্রকাশ: ২০২৩-০৪-২৬ ১৯:০৩:২৮
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে। সেখানে বিনিয়োগ পরিস্থিতি ভালো। বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে প্রযুক্তি বিনিময়ের জন্য সম্মত জাপান।
বাংলাদেশ সময় বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠকে জাপানের সঙ্গে কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিনিয়োগ, বাণিজ্য ও রেলওয়ে বিষয়ক ৮টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।
কিশিদা ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর আশা প্রকাশ করে বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হলে জাপান-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনও আরও দৃঢ় হবে।
এদিকে বৈঠক শেষে ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালু হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ ও জাপান সফলভাবে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিদ্যমান ‘বিস্তৃত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করেছে।
শেখ হাসিনা বলেন, ‘প্রধানমন্ত্রী কিশিদা ও আমি আজ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পুরো বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আনন্দিত যে, বাংলাদেশ ও জাপান সফলভাবে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিদ্যমান ব্যাপক অংশীদারিত্ব থেকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে যেসব চুক্তি ও স্মারক স্বাক্ষরিত হয়েছে, তা দুই দেশের কৃষি, শুল্কবিষয়ক, প্রতিরক্ষা, আইসিটি ও সাইবার নিরাপত্তা, শিল্প উন্নয়ন, মেধাস্বত্ব, জাহাজ নির্মাণ ও মেট্রোরেলের ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক করে তুলবে।’
এর আগে চার দিনের জাপান সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাদের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক বিনিময় করা হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














