রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৫-০১ ১১:৩৬:৪০
রাজধানীর ধূপখোলায় রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (১ মে) সকালে ধূপখোলা বাজারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দগ্ধ তিন জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।
দগ্ধরা হলেন-মুদি দোকানদার আ. রহিম (৫০), তার মেয়ে মীম আক্তার (২১) ও নাতি আলিফ (২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ধুপখোলা মাছ বাজারের পাশে একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকান। দোকানে বসা ছিলেন আ. রহিম, তার পাশেই ছিলেন তার মেয়ে ও নাতি। দোকানটির সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় শরীরে।
দগ্ধ রহিমের ছেলে মো. আল আমিন জানান, কয়েক দিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তারা কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেনি। ঝুঁকি নিয়েই কাজ চলছিল। সকালে সেখান থেকেই এ বিস্ফোরণ হয়।
দায়িত্বরত চিকিৎসক জানান, রহিমের শরীরে গুরুতর দগ্ধ হয়েছে। বাকি দুজনের দগ্ধের পরিমাণ বেশি নয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














