ডলারে নয়, ফ্লাইটের ভাড়া নির্ধারণ হবে টাকায়

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-০৪ ১৬:৩৬:১৮


বাংলাদেশে চলাচলকারী সব এয়ারলাইনসকে আগামী ১ জুলাই থেকে ডলারের পরিবর্তে টাকায় ফ্লাইটের ভাড়া নির্ধারণ করতে হবে সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইনসগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে, সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে। একইভাবে দেশি-বিদেশি সব ফ্লাইটে ভাড়া নির্ধারণ করা হবে বাংলাদেশি টাকায়।

বিশ্বের মাত্র ৪টি দেশ- বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও তাইওয়ান- মার্কিন ডলারে ফ্লাইট টিকিটের মূল্য নির্ধারণ করে। বাকি সব দেশই এ ক্ষেত্রে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এই সিদ্ধান্ত অভিবাসী শ্রমিকদের উপকৃত করবে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশর সাধারণ সম্পাদক আবদুস সালাম আরেফ সংবাদমাধ্যমকে বলেন, “ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় গত বছরের তুলনায় এখন ফ্লাইটের টিকিটের দাম ৩৫% বেশি।”

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, “ডলারে ফ্লাইটের ভাড়া নির্ধারণ করা হলে তা প্রায়শই বিভ্রান্তির কারণ হয়, বিশেষ করে অভিবাসী শ্রমিকদের কাছে।” নতুন সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

এম জি