নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ: নিহত বেড়ে ৪

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-০৫ ১৬:২০:৩৯


নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ নিয়ন (২০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল মোট ৪ জনে।

শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত চার শ্রমিক হলেন- শঙ্কর (৪০), মো. ইলিয়াস আলী (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, আজ চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ নিলয় মারা গে‌ছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয় জন আমাদের এখানে এসেছিলেন। ত‌ার ম‌ধ্যে নিল‌য়ের শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান দগ্ধ ইলিয়াস আলী (৩৫)। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়। বর্তমানে হাসিনা বার্ন ইনস্টিটিউটে রাব্বি (৩৫) ও ইব্রাহিম (৩৫) নামে ২ জন চিকিৎসাধীন আছেন।

এম জি