সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-০৭ ১৭:০৯:৩৯


সারা দেশে একযোগে সরকারিভাবে বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ মে) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সচিবালয়ের নিজ দপ্তর থেকে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

অবৈধ মজুত ও লাইসেন্স ছাড়া ধানের ব্যবসা ঠেকাতে খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আজ থেকে সারা দেশে সব খাদ্যগুদামে ধান ও চাল কেনা শুরু হবে। ক্রয় কমিটির উপদেষ্টা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানাতে হবে আমরা ধান-চাল কেনা শুরু করলাম, যাতে তাদের নজরদারিটা ঠিক থাকে।’

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৪ লাখ টন ধান, সাড়ে ১২ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি বোরো ধান ৩০ টাকা, সেদ্ধ চাল ৪৪ টাকা এবং ৩৫ টাকা কেজিতে গমের সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরকারিভাবে বোরো ধান চাল এবং গম সংগ্রহ করা হবে।

এএ