বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-০৯ ১০:২৮:৩৬


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৯ মে তিনি ইন্তেকাল করেন।

ওয়াজেদ মিয়া তাঁর কর্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন। অসাধারণ মেধার অধিকারী ওয়াজেদ মিয়া শৈশব থেকেই শিক্ষানুরাগী ছিলেন। তিনি ছিলেন দেশে আণবিক গবেষণার পথিকৃৎ।

তিনি পরমাণু গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। ওয়াজেদ মিয়া বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।

দিবসটি পালনে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ উপলক্ষে তার নিজ বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, এম এ ওয়াজেদ ফাউন্ডেশন এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো নানা কর্মসূচি পালন করবে। লালদিঘির ফতেহপুরে জয়সদনে ওয়াজেদ মিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে।

রাজধানীতেও আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি। এম এ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এম জি