যাত্রীসেবায় বিমানবন্দরে চালু হলো নতুন ২ অ্যাপ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১০ ২০:১১:৫৩


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা আরও সহজ করতে ‘ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস অ্যাপ’ ও ‘হাইট ক্লিয়ারেন্স ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে নতুন দুটি অ্যাপস উদ্বোধন করা হয়েছে। এতে যাত্রীরা নির্বিঘ্নে বিমানবন্দরে বিভিন্ন জায়গা খুঁজে পাওয়াসহ অন্যান্য সেবা পাবেন।

বুধবার (১০ মে) রাজধানীর কুর্মিটোলায় শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এক অনুষ্ঠানে এই দুটি অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ‘বেবিচকের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের উদ্বোধনী’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নতুন দুই অ্যাপ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। অনুষ্ঠানে তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য ও প্রয়োজনীয় কাস্টমস তথ্য, টার্মিনাল ভবনের সুবিধা ও সেবা পেতে সহায়তা পাবেন।

বিমান প্রতিমন্ত্রী বলেন, বেবিচকের নতুন নীতির আওতায় নিরাপত্তা পাশ সিস্টেমের নাম দেয়া হয়েছে এভসেভ আইডি সিস্টেম। এই সিস্টেমে রয়েছে অনলাইনে পাসের আবেদন জমা, অবস্থান যাচাইসহ পাস সংক্রান্ত বিভিন্ন তথ্য হালনাগাদসহ তথ্য প্রাপ্তির সুবিধা। এই সিস্টেমে সফটওয়্যারের মাধ্যমে পাস অনুমোদন ও ব্যবস্থা করা যাবে। পাসের জন্য ব্যবহার হবে উন্নত প্রযুক্তির কনটাক্ট লেন্স কার্ড।

অনুষ্ঠানে জানানো হয়, বিমানবন্দরের বহির্গামী ও আগমনী যাত্রীদের জন্য সহজ ও আধুনিক উপায়ে সহযোগিতার করার জন্য বেবিচকের সহযোগিতায় ‘এইচএসআইএ ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস’ নামক এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আইসিটি বিভাগের মোবাইল গেম ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরি করে প্রাইমটেক সল্যুশনস লিমিটেড স্পিনঅফ স্টুডিও এবং ইনোভ্যাজিওন টেকনোলজিস।

অনুষ্ঠানে আরও জানানো হয়, শাহজালাল বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরের অবস্টেকল লিমিটেশন সারফেস (ওএলএস) অন্তর্ভুক্ত এলাকার ভবন নির্মাণে কাজ করবে হাইট ক্লিয়ারেন্স ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপস। বিমানবন্দরের রানওয়ে থেকে ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো জায়গায় ভবন বা স্থাপনা নির্মাণে বেবিচক থেকে উচ্চতার ছাড়পত্র নিতে হয়। বেবিচকের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগ থেকে এটি দেয়া হয়ে থাকে। এর পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিভাগের মাধ্যমে উচ্চতার ছাড়পত্র দিতে হাইট ক্লিয়ারেন্স ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ করার সিদ্ধান্ত নেয় সরকার। ২০২২ এর ৩০ জুন থেকে এটি পরীক্ষামূলকভাবে চালু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামসহ অন্যরা।

এএ