ঘূর্ণিঝড় ‘মোখা’ ৩টার মধ্যে উপকূল অতিক্রম করবে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৪ ১৪:১২:০০


বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বিকেল ৩টার মধ্যে উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ সিটুয়ের (মায়ানমার) নিকট দিয়ে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।

রোববার (১৪ মে) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি টেকনাফ থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিটুই অঞ্চল দিয়ে প্রভাহিত হবে। এতে করে টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়’ মোখা কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। তবে, মূল ঝড় অতিক্রম করবে বিকেল ৩টা মধ্যে। আর সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ সিটুয়ের (মায়ানমার) নিকট দিয়ে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। সেই সময় তীব্র বাতাসের পাশাপাশি অতিভারী বর্ষণ হবে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর থেকে দুর্বল হতে থাকবে। মোখা পার হয়ে গেলেও সারাদেশে ২৪ ঘণ্টা বৃষ্টি হবে।

এদিকে, মোখা নিয়ে আবহাওয়ার ২০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ২০০ কিলোমিটার, মোংলা থেকে ৪৪৫ কিলোমিটার এবং পায়রা থেকে ৩৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৮০ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।

এম জি