গ্যাস ও বিদ্যুৎ স্বাভাবিক হতে ১০-১২ দিন সময় লাগবে: প্রতিমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৪ ১৬:১৫:৫২
গ্যাস ও বিদ্যুৎ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গ্যাসের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, দুইদিনের মধ্যে গ্যাস সরবরাহের কিছুটা উন্নতি হবে।
রোববার (১৪ মে) এ কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে। গভীর সমুদ্রে থাকা এলএনজি টার্মিনাল একটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যটি দুদিনের মধ্যেই চালু হবে। এ কারণেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।
নসরুল হামিদ বলেন, সুখবর হচ্ছে মোখার যে ভয়াবহতা আশঙ্কা করা হয়েছিল, সেটা কেটে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণও খুব বেশি একটা হয়নি। খুব দ্রুতই বিদ্যুৎ ও গ্যাসের পরিস্থিতি ঠিক হয়ে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ভাসমান টার্মিনালের একটি লাইন থেকে খুলে গিয়েছে, অন্যটি সংযুক্ত আছে। সংযুক্ত থাকা টার্মিনালের মাধ্যমে দুই একদিনের মধ্যেই গ্যাস সরবরাহ শুরু করা হবে।
তিনি আরও জানান, সংযোগহীন টার্মিনালের মেরামতের কাজ করতে ১২ থেকে ১৫ দিন সময় লাগবে। এতে ৪০০ এমএমসিএফ গ্যাসের ঘাটতি হতে পারে। ফলে কিছু কিছু জায়গায় লোডশেডিং হবে, তবে গতকালের মতো বড় আকারে নয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














