সরকারের সহায়তা না থাকলে কমিশনের ক্ষমতা সীমিত হয়ে যায়: সিইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৬ ১৯:৪৬:৩৪
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারের সহায়তা না থাকলে কমিশনের ক্ষমতা সীমিত হয়ে যায়। তবে সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে।
মঙ্গলবার (১৬ মে) নির্বাচন ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠকের পর সিইসি এসব কথা বলেন।
একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আশ্বস্ত করা গেছে বলে জানান সিইসি। নির্বাচনে অংশ নিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, রাজনৈতিক সরকার কিংবা আমলাতান্ত্রিক সরকারের প্রতি আমাদের নিয়ন্ত্রণ থাকবে। নিয়ম ও অনিয়ম যদি গণমাধ্যমে ঠিকঠাক তুলে ধরা হয় তাহলে আমাদের কাজ অনেকটা সহজ হয়।
তিনি বলেন, নির্বাচন কমিশন তার দায়িত্ব শক্তভাবে পালন করবে। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।
সিইসি আরও বলেন, এ পর্যন্ত আমাদের নির্বাচন তুলনামূলক ভালো হয়েছে। আমরা সবার সহায়তা পেয়েছি। জাতীয় নির্বাচনেও সেটা বজায় থাকবে বলে আশা করছি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














