দক্ষিণ সিটিতে অবৈধ দখলদারদের সময় শেষ: তাপস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৬ ২০:৩৪:১৫
দক্ষিণ সিটিতে অবৈধ দখলদারদের সময় শেষ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (১৬ মে) ডিএসসিসি নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় ৩ বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তাপস বলেন, “দায়িত্বভার গ্রহণের প্রথম দিন থেকেই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমার ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়ন করে চলেছি। বিগত তিন বছরে দুর্নীতি, অনিয়মসহ নানা অপরাধে শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রশাসনিক সংস্কারের আওতায় এটি একটি চলমান প্রক্রিয়া।”
তিনি বলেন, ‘প্রতি সপ্তাহের বুধবার আমি যখন বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে যাই, তখন দখলদাররা আতঙ্কে থাকে। এখন যেকোনো দখলদার দখলের আগে অন্তত তিনবার চিন্তা করে। আমি স্পষ্ট করে বলতে চাই, দক্ষিণ সিটিতে অবৈধ দখলদারদের সময় শেষ।’
মেয়র বলেন, ‘আমরা যেমন দীর্ঘদিন ধরে অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হওয়া ফুলবাড়িয়া সুপার মার্কেট, সুন্দরবন স্কয়ার মার্কেটসহ অনেক মার্কেটের অবৈধ দখলদার উচ্ছেদ করেছি, তেমনি দখলমুক্ত করা হয়েছে বুড়িগঙ্গা আদি চ্যানেল ঘিরে গড়ে ওঠা কয়েক ডজন অবৈধ বহুতল ভবন ও স্থাপনা।‘
তিনি বলেন, এছাড়া এ সময়ে প্রয়োজনীয় জনবলের ঘাটতির প্রকটতা কমাতে ভারী গাড়ির ১০৯ জন চালকসহ পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে। ফলে, নাগরিক সেবা প্রদান ও করপোরেশনের কাজে যেমন গতি এসেছে, তেমনি বৃদ্ধি পেয়েছে তদারকি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের হার।
মেয়র তাপস বলেন, ‘সামষ্টিকভাবে বলতে পারি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অটল, অদম্য ও অনমনীয় কর্মোদ্যোগের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সুশাসন নিশ্চিত হয়েছে। পাশাপাশি ঢাকাবাসীর আস্থা বৃদ্ধি পেয়েছে। ফলে রাজস্ব আদায় বৃদ্ধির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজ একটি স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাপূর্ণ সংস্থা হিসেবে যেমন নিজের পায়ে দাঁড়িয়েছে, তেমনি তাসের ঘরের মতোই ভেঙে পড়তে শুরু করেছে দীর্ঘদিনের দখলদারিত্বের পোক্ত সাম্রাজ্য। আপনাদের সবার সহযোগিতায় আমরা দখলদারিত্ব সাম্রাজ্যের অবসান ঘটিয়েই এগিয়ে চলব।’
‘দখলমুক্তির ধারাবাহিকতায় আমরা দীর্ঘ ৮০ বছর পর সূত্রাপুরের মাইশা খাল, ৩ দশক পর রায়সাহেব বাজার মোড়, ২ যুগ পর লক্ষ্মীবাজারে দক্ষিণ সিটি করপোরেশনের পার্কিংয়ের জায়গা, ৪ দশক পর ধলপুর ক্লিনার কলোনি থেকে অবৈধ দখলদারদের অবসান ঘটিয়েছি। ফলে, বিগত ৩ বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শতাধিক উচ্ছেদ অভিযানের মাধ্যমে ৩৪ একরের বেশি জমি উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ১০০ কোটি টাকার বেশি,’ যোগ করেন মেয়র।
তাপস বলেন, ‘উদ্দেশ্য ছিল সুশাসিত ও দুর্নীতিমুক্ত ঢাকা দক্ষিণ সিটি দাঁড় করানো। এই তিন বছরে আজকে বলতে পারি, বাংলাদেশের সব সরকারি সংস্থা, সরকারি অধিদফতর যা আছে, তার মধ্যে একমাত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সবচেয়ে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান।’
মেয়র বলেন, ‘দুর্নীতির লেশমাত্র গন্ধ পেলেই কঠোরভাবে আঘাত হানি। এতে সিটি করপোরেশন দুর্নীতিমুক্ত হয়েছে। ঢাকাবাসীর আস্থা বেড়েছে। সুশাসন প্রতিষ্ঠায় নতুন নিয়োগের মাধ্যমে জনবল বাড়ানো হয়েছে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, অঙ্গীকারবদ্ধ এবং দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে।’
এই সবকিছুর মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটিকে সুশাসিত নগর প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘করপোরেশনের কোথাও আর কোনো দুর্নীতির আখড়া সৃষ্টি হতে দেব না। পরিবহন চালক, পরিচ্ছন্নতাকর্মী এবং রাজস্ব বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের চক্রসহ করপোরেশনের যেসব শাখায় দুর্নীতির আখড়া ছিল, সেগুলো ভেঙে দেয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে মেয়র শেখ ফজলে নূর তাপস গত তিন বছরে ঢাকা দক্ষিণ সিটিতে যেসব কাজ করেছেন এবং যে কাজগুলো করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছেন, সেগুলোর বিস্তারিত আলোচনা করেন। সংবাদ সম্মেলন শেষে তিনি কর্মকর্তা ও কাউন্সিলরদের নিয়ে তৃতীয় বর্ষপূর্তির কেক কাটেন। এরপরে নগর ভবনের সামনে বেলুন ওড়ান ও গাছের চারা রোপণ করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














