নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই: আইজিপি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৮ ২০:২৬:২৮


নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১৮ মে) গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, ‘আইনানুযায়ী আমাদের যে দায়িত্ব এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে যে দায়িত্ব পালন দরকার, তা যথাযথভাবে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য পালন করছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘সভায় জাতীয় নির্বাচনের বিষয়টি প্রসঙ্গক্রমে এসেছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীন থাকব। নির্বাচন কমিশন যে নির্দেশনা দেবে, তার আলোকে আমরা কাজ করব।’

জাতীয় নির্বাচনের বিষয়ে তেমন কোনো কথা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘গাজীপুরসহ সব নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। পাঁচ সিটি নির্বাচন যেভাবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া দরকার, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে এবং সে অনুযায়ী তাদের আশ্বস্ত করেছি যে আমরা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করব।’

আইজিপি বলেন, ‘গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা হয়েছে। তাদের থেকে আমরা জানতে পেরেছি, কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে না। তাই আমরা আশা করছি যে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এএ