ঢাকায় ধারণক্ষমতার চেয়ে ছয় গুণ বেশি যানবাহন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৯ ১৯:১১:৫০


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকায় ধারণক্ষমতার চেয়ে ছয় গুণ বেশি যানবাহন। এ কারণে পরিবেশদূষণ ঘটছে। শব্দের কারণে রাস্তায় হাঁটার পরিবেশ থাকে না। দেখা দিচ্ছে তীব্র যানজট। ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছে।

শুক্রবার (১৯ মে) জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দুপুরে রাজধানীর হাতিরঝিলে সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখতে হবে। পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্যও ভালো থাকবে। সাইকেল এবং হাঁটা কোনোটাতেই পরিবেশের ক্ষতি হয় না। সাইকেলের মাধ্যমে দুটি উপকার হয়। এতে পরিবেশ ও স্বাস্থ্য ভালো থাকে। সাইকেল চালানোর জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। সাইকেল পরিবেশদূষণ করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়াম হয়। তাই, আমাদের নগর পরিকল্পনায় এ বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে। কিন্তু, রাস্তায় সাইকেল চালানোর জন্য উত্তম ব্যবস্থা নেই। যারা এখন টাউনশিপের ডিজাইন করছেন, তাদের সাইকেলের উপযোগী একটি নগরী গড়ে তুলতে হবে। তাহলে এ শহরের পরিবেশ সুরক্ষা অনেকাংশেই সম্ভব হবে। মেট্রোপলিশন পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতাও করা হবে।

এএ