রাষ্ট্রপতি-সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘সৌদিতে প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২১ ১৫:২৩:২৯


বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজ এবং ই-ভিসা চালু করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, সৌদি আরবে বাংলাদেশি কর্মীরা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রোববার (২১ মে) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান সাক্ষাৎ করেন। এসময় রাষ্ট্রপতি একথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে সাহাবুদ্দিন বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। সৌদি আরব বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য। সেখানে প্রবাসী বাংলাদেশীরা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাষ্ট্রপতি দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে পারস্পরিক সফর বিনিময়ের ওপর জোর দেন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগও ক্রমান্বয়ে বাড়ছে। কুয়েতের পরে বাংলাদেশ দ্বিতীয় দেশ যেখানে মোবাইল ওমরাহ ভিসা কার্যকর করা হয়েছে।

অন্যদিকে তার দেশের বড় বড় অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলে জানান সৌদি আরবের রাষ্ট্রদূত।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এম জি