বনানীতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৫ ০৯:৫১:৪৪


রাজধানীর বনানীতে নিজ পিস্তলের গুলিতে আশরাফ উজ জামান রনি (২২) নামে এক পুলিশ কনস্টেবলের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে বনানীর ১১ নম্বর চেকপোস্টে রনি অন্য পুলিশ সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করতে আসে। পরে চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬টা ৫০ মিনিটের দিকে সে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করে। এ ঘটনার সময় অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তারাও আমাদেরকে বিষয়টি বলেছেন। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তদন্ত করে কারণ বের করা হবে বলেও জানান ওসি। নিহত রনির বাড়ি ধামরাই।

এম জি