যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আমাদের প্রচেষ্টাকে সাহায্য করতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৫ ১৩:৫৫:৫৯


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে, তা সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের অঙ্গীকার রক্ষায় সহায়ক হতে পারে বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

বৃহস্পতিবার (২৫ মে) এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নীতি অনুযায়ী, ভোটের অনিয়মের সঙ্গে জড়িত কোনো বাংলাদেশিকে ভিসা দেবে না দেশটি। জ্বালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে আমাদের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ও অবস্থানকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে তার জন্য মার্কিন সরকারের ভিসা নীতি আমাদের প্রচেষ্টাকে সাহায্য করতে পারে।

এর আগে বুধবার (২৪ মে) স্থানীয় সময় দুপুরের দিকে এক টুইটে ভিসা নীতির বিষয়টি নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এতে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে, তার জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা দেয়ার ক্ষেত্রে দেয়া হবে বিধি-নিষেধ। এর আওতায় থাকবেন, বাংলাদেশের সাবেক ও বর্তমান কর্মকর্তা–কর্মচারী, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যারা বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চান তাদের সবাইকে সমর্থন দিতেই এই নীতি ঘোষণা করা হয়েছে বলে জানান অ্যান্টনি ব্লিঙ্কেন।

এম জি