শৃঙ্খলার সঙ্গে সুষ্ঠু ভোট হচ্ছে গাজীপুরে: ইসি আলমগীর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৫ ১৫:০৯:৪১


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, শৃঙ্খলার সঙ্গে সুষ্ঠু ভোট হচ্ছে গাজীপুরে।

তিনি বলেন, সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছি। আইন-শৃঙ্খলা বাহিনী ও নিজস্ব পর্যবেক্ষকরা যে রিপোর্ট আড়াই ঘণ্টায় পাঠিয়েছে, তাতে ভালোভাবেই ভোটগ্রহণ হচ্ছে। খারাপ কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আলমগীর বলেন, কিছু কেন্দ্রে ক্যামেরা আছে কিন্তু ইন্টারনেট না থাকায় আমরা ঢাকা থেকে দেখতে পাচ্ছি না। তবে সেগুলোতে রেকর্ড হচ্ছে। ভিডিও ফুটেজ আমাদের হার্ডডিস্কে থাকছে। সকালে শুরুতে ১০ থেকে ১২টা ক্যামেরায় আমরা ছবি দেখতে পাইনি তার অনেকগুলি এখন ঠিক হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না জানিয়ে বলেন, কারণ, এই বিষয়গুলো আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। আমাদের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। এ জন্য যা যা দরকার আমরা তা করবো।

এম জি