ভিসানীতি দিয়ে ভালো নির্বাচন চাওয়া দুঃখজনক: সিপিডি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৭ ১৪:১৩:২৮


বাংলাদেশিদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির শর্ত আরোপ করে ভালো নির্বাচন চাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় ভিসানীতির বিষয়ে সরকারকে সাবধানতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন তিনি।

শনিবার (২৭ মে) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে স্টট অব দ্য বাংলাদেশ ইকনোমি শীর্ষক সভায় এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, আমেরিকাই একমাত্র বাজার যেখানে শুল্ক দিয়েও প্রতিযোগিতায় সক্ষম। ২০২৬ কিংবা ২০২৯ এর পরে ইউরোপ, কানাডা বা ভারতের বাজারে শূন্য শুল্কের সুবিধাটা থাকছে না। কিন্তু মার্কিন বাজারে শুল্ক দিয়ে ঢুকেও প্রতিযোগিতায় সক্ষম। এই বাজারটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে জন্য এই বিষয়টি সাবধানতার সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, তারা (আমেরিকা) এটাকে সুষ্ঠু, গণতান্ত্রিক ও ভালো নির্বাচনের সঙ্গে সংযুক্ত করে ভিসার বিষয়টি এনেছে। একজন নাগরিক হিসেবে আমি মনে করি এটা আমাদের জন্য খুবই অপমানজনক।

মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের নিজেদের জন্যও সুষ্ঠু নির্বাচন করা উচিত। শর্ত দিয়ে ভালো নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, জাতি হিসেবে ও নাগরিক হিসেবে এটা খুবই দুঃখজনক। এটার অনুধাবনটা সব রাজনৈতিক দলেরই থাকবে বলে আশা করি।

এম জি