‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সরকারের সুষ্ঠু নির্বাচন করতে চাওয়ার সহায়ক’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৭ ১৪:৩৫:৪৬


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়, এর সহায়ক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি করেছে।

তিনি বলেন, যেসব দল জ্বালাও-পোড়াও করে তাদের ব্যাপারে মার্কিন ভিসা নীতি প্রযোজ্য হবে। এর প্রভাবে বিদেশে অর্থ পাচার কমবে বলেও মনে করেন তিনি।

শনিবার (২৭ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আমরা স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। এর জন্য যা যা করা দরকার, সেই পরিস্থিতি তৈরি করেছি। সেখানে কেউ যদি সাহায্য করে ভালো, না হলেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ সুষ্ঠু নির্বাচন করতে।

তিনি বলেন, আমরা চাইবো ভিসা নীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ করতে। জ্বালাও-পোড়াও যারা করে, তাদের লিডারদের সতর্ক হওয়া উচিত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশে যারা ভোটারবিহীনভাবে নির্বাচিত হয়েছে, তাদের দু-তিন মাসের মধ্যে জনগণ ফেলে দিয়েছে। আমরা জনগণের ওপর বিশ্বাস করি, জনগণের জন্য কাজ করি, আমাদের অন্য কোনো স্বার্থ নেই।

এম জি