ফ্লাইওভার থেকে রড পড়ে শিশুর মৃত্যু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৯ ২১:২২:২৭


রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে লোহার রড পড়ে আঘাত পেয়ে আনুমানিক ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) এই ঘটনা ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি।

শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান আব্দুল কাদের ইমন নামে এক ব্যক্তি। তিনি জানান, সকাল ১০টার দিকে মহাখালী এলাকার নিউ ডিওএইচএস রোডে রডটি শিশুটির গলায় বিদ্ধ হয়।

আহত ছেলেটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এম জি