সাবেক মেয়র জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-০৬ ১২:১০:৩০


ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্দীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মো. আলী আকবর তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

এর আগে দুদকের উপপরিচালক মো. আলী আকবরের ১৫ মে তারিখে স্বাক্ষরিত নোটিশে জাহাঙ্গীর আলমেক ২২ মে জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশিষ্ট রেকর্ডসহ দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল।

এর পর ২১ মে জাহাঙ্গীর ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে সময় আবেদন করলে তা মঞ্জুর করে ৬-৭ জুলাই নতুন দিন ঠিক করে চিঠি দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশনের কয়টি ব্যাংকে কয়টি হিসাব, কার নামে কীভাবে পরিচালিত হয়েছে সেসব তথ্য সংগ্রহ করা হয়েছে। তাছাড়া গাজীপুরের কোনাবাড়ীতে একটি বেসরকারি ব্যাংকে সিটি করপোরেশনের নামে জাহাঙ্গীর আলমের একক স্বাক্ষরে অ্যাকাউন্ট খুলে আড়াই কোটি টাকা দুর্নীতির তথ্যও পেয়েছে দুদক।

গাজীপুর সিটি করপোরেশনে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে মেয়র জাহাঙ্গীর আলমকে ২০২১ সালের ২৫ নভেম্বর সাময়িক বরখাস্ত করা হয়। সেদিনই তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এম জি