রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খাঁন মারা গেছেন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-০৯ ১৫:০৯:৩৮
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খাঁন মারা গেছেন।
শুক্রবার (৯ জুন) দুপুর আড়াইটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রুবেল হাওলাদার বলেন, শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান
এর আগে অসুস্থ সিরাজুল আলম খানকে (দাদা ভাই) ঢামেকে ভর্তি করা হয়। পরে গত ১ জুন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৮ জুন) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
উল্লেখ্য, রাজনীতির ‘রহস্য পুরুষ’ খ্যাত সিরাজুল আলম খান একজন চিরকুমার। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে বর্তমানে তিনি রাজধানীর কলাবাগানে ভাইদের সঙ্গে থাকতেন। ষাটের দশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের যে ‘নিউক্লিয়াস’ আলোচনায় আসে, তার উদ্যোক্তা ছিলেন তিনি। স্বাধীনতার পর আওয়ামী লীগ ভেঙে জাসদ গঠনের উদ্যোক্তাও ছিলেন এই রাজনীতিবিদ। রাজনীতিতে সক্রিয় থাকলেও তিনি কখনও জনসম্মুখে আসতেন না এবং বক্তৃতা-বিবৃতি দিতেন না। আড়ালে থেকেই তৎপরতার জন্য তাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














