স্বাধীনভাবে সংবাদ প্রচারে সরকার কোনো হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৫ ২১:৩৯:৪৫
স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে বর্তমান সরকার কোনো হস্তক্ষেপ করে না দাবি করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কোনো গণমাধ্যমে দেশবিরোধী সংবাদ বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা ও সরকার দলীয় সংসদ সদস্য আহসানুল ইসলামের (টিটো) পৃথক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সংবাদপত্র এবং সাংবাদিকবান্ধব বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক। প্রিন্ট মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে এ সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না এবং এই সেক্টরের মান উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রম গ্রহণ অব্যাহত রেখেছে।
তিনি বলেন, সরকার অনুমোদিত ১৮৭টি অনলাইন নিউজ পোর্টালের মধ্যে ১৭৯টি অনলাইন নিউজ পোর্টাল, ১৭৭টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালের মধ্যে ১৫৫টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন প্রদান করা হয়েছে। একই সময়ে ১৫ টির মধ্যে ১৪টি টিভি চ্যানেলের অনলাইন পোর্টালকে নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে ২০১৫-১৬ অর্থ বছর থেকে মে ২০২৩ পর্যন্ত সারা দেশে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত ও মৃত তিন হাজার ২৩৯ জন সাংবাদিক ও পরিবারের সদস্যদের মাঝে ২৮ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বলেও মন্ত্রী জানান। এছাড়া করোনাকালীন বিশেষ সহায়তার অংশ হিসেবে ৯ হাজার ৪৩৩ জন সাংবাদিক ও পরিবারের মাঝে ৯ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
আহসানুল ইসলামের (টিটো) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো সংবাদপত্রের অনলাইন বা অনলাইন ভিত্তিক পোর্টালে দেশ বিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হবে।
সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমবান্ধব সরকারের উদার সম্প্রচার নীতিমালার কারণে বর্তমান সরকার বেসরকারি খাতে ৪৮টি টেলিভিশন চ্যানেল, ১৪টি আইপি টিভি এবং ৩৬৭টি নিউজ পোর্টালের অনুমতি দেওয়া হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














