হলিডে মার্কেটের স্টল ফি কমিয়ে ৪৫০০ টাকা নির্ধারণ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৬ ১৩:২৮:৩৩


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ‘ডিএনসিসি-ঐক্য’ হলিডে মার্কেটে অংশগ্রহণের স্টল ফি কমানো হয়েছে বলে জানিয়েছে ঐক্য ফাউন্ডেশন। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে অংশগ্রহণে উদ্যোক্তাদের ব্যাপক উৎসাহ আছে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে হলিডে মার্কেট আরও জমজমাট থাকবে। উদ্যোক্তাদের এবং তাদের পণ্যকে প্রাধান্য দিয়ে হলিডে মার্কেটে অংশগ্রহণে স্টল ফি দুই দিনের জন্য পাঁচ হাজার টাকার পরিবর্তে সাড়ে চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে হলিডে মার্কেট।

দেশের কুটির শিল্প, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তারা তাদের তৈরি দেশীয় সব পণ্যের পসরা সাজিয়ে বসেন এই এসএমই হলিডে মার্কেটে। যার মধ্যে থাকে শাড়ি, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, চুড়ি, লেডিস ব্যাগ, হাতে তৈরি গয়না, চামড়াজাত পণ্য, কিডস আইটেম, খেলনা, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, হোম ডেকর পণ্য, মশলা জাতীয় পণ্য, ফাস্ট ফুড, ড্রাই ফুড, জুস কর্নার, বই মেলা, প্লে জোন, খাবার দোকান, নার্সারিসহ আরও অনেক পণ্যের সমাহার।

এছাড়াও হলিডে মার্কেটে সাংস্কৃতিক আয়োজনসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা থাকে রাজধানীবাসীর জন্য। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঐক্য ফাউন্ডেশন যৌথভাবে এই হলিডে মার্কেট পরিচালনা করছে। চলতি বছরের ১৩ জানুয়ারি ‘ডিএনসিসি–ঐক্য হলিডে মার্কেট’-এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এম জি