মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২০ ১৬:০৯:৪৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এটা কমানোর চেষ্টা করতে হবে। তৃণমূলে সেচ কাজে সোলার ব্যবহার ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে হবে।
মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোলার ব্যবহার বাড়ানোর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষি কাজে প্রতিবছর ডিজেলের ব্যবহার হয় ৮১ লাখ লিটার। এখানে ডিজেলের পরিবর্তে সোলার ব্যবহার বাড়াতে হবে।
এসময় বেসরকারিভাবে সোলার প্যানেল বানালে সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি নতুন প্রকল্পের জন্য কম জমি ব্যবহার করার নির্দেশ দেন সরকারপ্রধান।
এদিন একনেক সভায় ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৬ কোটি ১৫ লাখ পাওয়া যাবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














