পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-২৫ ১৬:৪২:৩৫
ফের শুরু হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম। ২০ দিন বন্ধ থাকার পর উৎপাদন কার্যক্রম চালু হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ।
রোববার (২৫ জুন) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খোরশেদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
কয়লা সঙ্কট কাটিয়ে আবারও উৎপাদনে দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎকেন্দ্র পায়রা। রোববার বিকেল চারটায় চালু হয় কেন্দ্রের একটি ইউনিট। যা থেকে উৎপাদিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খোরশেদুল আলম বলেন, বিকেল চারটা থেকে জাতীয় গ্রিডে যাচ্ছে উৎপাদিত বিদ্যুৎ। ইন্দোনেশিয়া থেকে আসা ৪১ হাজার মেট্রিক টন কয়লা দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট চালু করা হয়েছে। তবে প্রয়োজন হলে ঈদের পরে দ্বিতীয় ইউনিটও চালু হবে।
তিনি আরও বলেন, আপাতত ৪১ হাজার মেট্রিকটন কয়লা দিয়ে একটি ইউনিট চালানো হলে ৮ দিন চলবে। তবে ৩০ জুনের মধ্যে আরও একটি জাহাজ আসছে। এরপর ধারাবাহিকভাবে আসবে আরও ১৬টি জাহাজ।
১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রেটির দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হওয়ায় ঢাকা, বরিশাল ও খুলনাসহ সারাদেশের লোডশেডিং আরও কমে আসবে বলে আশা জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় চলতি বছরের ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়।
এর আগে বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত ৩টায় ইন্দোনেশিয়া এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। ওইদিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে আসে। শনিবার রাতে শেষ হয় কয়লা খালাস কার্যক্রম।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














