ঝড়-বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে নামাজে সমস্যা হবে না: তাপস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৭ ১৩:৩১:২৩


ঈদে প্রতিকূল আবহাওয়ায় ঝড়-বৃষ্টির মধ্যেও জাতীয় ঈদগাহে নামাজে সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ঝড়-বৃষ্টির মধ্যেও যেন মুসল্লিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, আসন্ন ঈদুল আজহায় আমরা প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করছি। সেজন্য কোনো ধরনের যাতে সমস্যা না হয় সে কারণে আজকের এই পরিদর্শন। পরিবার নিয়ে স্বাচ্ছন্দে যেন ঈদের জামাত আদায় করতে পারে সেই আয়োজন আমরা প্রায় শেষ করে ফেলেছি। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আমরা সেই প্রস্তুতি নিয়েছি।

জাতীয় ঈদগাহের ঈদের জামাতর নিরাপত্তা নিয়ে মেয়র বলেন, আমরা কোনো নাশকতার আশঙ্কা করছি না। তারপরও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিদর্শন করবেন। নিশ্চিদ্র নিরাপত্তার জন্য তারা কার্যক্রম নিচ্ছে। সিসি ক্যামেরাসহ নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। সুতরাং আমরা কোনো নাশকতার আশঙ্কা করছি না। শান্তিপূর্ণভাবে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে জানিয়ে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র জাতীয় ঈদগাহে এসে নামাজ আদায় করার আহ্বান জানান।

এম জি