সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-০৯ ১২:২৫:১০


দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এতে বলা হয়েছে, উল্লেখিত সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর লঘুচাপের বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অপর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিনে দেশের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এম জি