‘ইইউ যতখুশি ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক পাঠাক’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১১ ১৬:০৯:৫৩


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যতখুশি ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক পাঠাক তাতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (১১ জুলাই) ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, ইইউর প্রতিনিধি দলটি আমাদের কাছে আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। ভোটার সংখ্যা কতজন, নারী ও পুরুষ ভোটার কত, সিসিটিভি স্থাপন এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তারা যা যা জানতে চেয়েছেন আমরা তা জানিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে দুই পক্ষের টেকনিক্যাল টিমের সমন্বয়ে আরও একটি বৈঠক হবে।

অশোক কুমার দেবনাথ বলেন, ইইউর দলটি আগামী নির্বাচনে কতজন পর্যবেক্ষক পাঠাতে পারবে এবং আবেদনের সময়সীমা জানতে চেয়েছেন। আমরা বলেছি, যতজন ইচ্ছা পর্যবেক্ষক পাঠাতে পারেন। আর পর্যবেক্ষক পাঠানোর আবেদন সেপ্টেম্বরের মধ্যে করলে সুবিধা হয়।

তিনি আরও জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর ৯১১টা নির্বাচন আয়োজন করেছে। সেসব নির্বাচন নিয়ে ইইউর প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এম জি