সবকটি জাতীয় নির্বাচন পর্যালোচনা করেছে ইইউ: কলিমুল্লাহ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১৬ ২০:১৩:০৬


জাতীয় নির্বাচন নিয়ে দেশীয় পর্যবেক্ষক সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পরিবেশ অনুসন্ধান মিশন।

আলোচনার অংশ হিসেবে রোববার (১৬ জুলাই) জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহর সঙ্গে বৈঠক হয় প্রতিনিধি দলের।

বৈঠক শেষে কলিমুল্লাহ বলেন, ইইউ অনুসন্ধান দলটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নির্বাচন-পূর্ব পরিবেশ মূল্যায়ন করতে চাইছে। তারা বিগত সবকটি জাতীয় নির্বাচনের পর্যালোচনা করেছে।

তিনি আরও বলেন, অনুসন্ধানী দল নির্বাচন অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে। তবে ১৪ ও ১৮ সালের মতো নির্বাচন নিয়ে বাংলাদেশের দুই বড় দলের প্রতিনিধিদের অসন্তোষ রয়েছে। তবে বর্তমানে সেই ধারার নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করাও চ্যালেঞ্জ।

কলিমুল্লাহ বলেন, দেশীয় পর্যবেক্ষকদের অভিজ্ঞতাও তারা জানতে চেয়েছে। আমি বলেছি গত ৫টি সিটি নির্বাচন ও বাই ইলেকশন সুষ্ঠু করার অভিজ্ঞতা আছে নির্বাচন কমিশনের। নির্বাচন সুষ্ঠু করার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছি।

গত ৮ জুলাই ১৬ দিনের সফরে ঢাকায় পৌঁছে ইইউ অনুসন্ধানী দল। আগামী ২৩ জুলাই পর্যন্ত সফর করা এ প্রতিনিধিদলের মধ্যে আছেন দিমিত্র ইওয়ানু, আলভেস ক্রিটিনা ডস রামোস, মিলার ইয়ান জেমস, শ্যামেন ক্রিস্টোফার ও ম্যারি-হেলেন এন্ডারলিন প্রমুখ।

এএ