হিরো আলমকে মারধর, নেওয়া হলো হাসপাতালে
আপডেট: ২০২৩-০৭-১৭ ১৭:০৭:৫৮
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটেছে। একতারা প্রতীকের এই প্রার্থীকে মারধরের পর ধাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ধাওয়ার ঘটনা ঘটে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে।
সরেজমিনে দেখা যায়, হিরো আলম যখন কলেজ ভবনের করিডোর দিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করছিলেন, তখন কিছু ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চান। এ সময় কিছু লোক এসে এতে বাধা দেন এবং তাকে মারতে শুরু করেন। তারা হিরো আলমকে বলতে থাকেন, ‘এটা টিকটক ভিডিও করার জায়গা না’, ‘এটা ভোটকেন্দ্র’, ‘এটা গুলশান-বনানী’—এই বলে তাকে মারধর শুরু করেন। হামলাকারীদের গলায় ‘নৌকা’ প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গেছে।
হামলাকারীরা হিরো আলমকে মারতে মারতে ধাওয়া দিয়ে বেশ কিছু দূর পর্যন্ত নিয়ে যান। পরে একটি গাড়িতে উঠে সেখান থেকে চলে যান হিরো আলম।
এ বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করে হিরো আলম বলেন, সকাল থেকে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বিকেল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














