রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১৯ ১৭:৪৭:৫১


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। বুধবার (১৯ জুলাই) বঙ্গভবনে সাক্ষাৎকালে বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা ও নির্দেশনা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি এ সময় নৌবাহিনীর উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতিসহ ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাৎকালে ‘বর্তমানে নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌ বাহিনীকে আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

রাষ্ট্রপতি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য বিদায়ী নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তার মেধা ও প্রজ্ঞা নৌবাহিনীর উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছে।’

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

এএ