কমিশন ঘেরাওয়ের বিষয়ে আমরা বিচলিত নই: ইসি আনিছুর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-২৫ ১৫:৪৩:০৮


নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, কেউ যদি আমাদের ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে বসে থাকব। এ বিষয় নিয়ে আমরা বিচলিত নই।

মঙ্গলবার (২৫ জুলাই) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, তারা কী করবে? আমাদের ঘেরাও করলে ঘেরাও হয়ে বসে থাকব, এতে আমরা বিচলিত না।

নির্বাচন কমিশনার বলেন, বিচলিত না। সারা দেশেই তো রাজনৈতিক কার্যক্রম চলছে। স্বাভাবিক কার্যক্রম চলছে, হয়তো সাধারণ মানুষের কষ্ট হবে। চলাচলের সমস্যা হবে।

নিবন্ধনের বিষয়ে আনিছুর রহমান বলেন, নতুন দল নিবন্ধনের ক্ষেত্রে আমরা ২৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে, তাদের আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পরে আমরা এটা নিয়ে বসব।

তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, অক্টোবরের কথা বলছি না।

জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বা ডিসেম্বরের শেষ সপ্তাহে করি, তাহলে ৪৫ দিন আগেই করতে হবে বলে জানান তিনি।

এম জি