সরকারি সফরে কুয়েত গেলেন সেনাপ্রধান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-৩০ ১৭:১২:০০


সরকারি সফরে কুয়েত গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান আল-শামারিরের আমন্ত্রণে সেনাপ্রধানের এ সফর বলে জানায় আইএসপিআর।

আইএসপিআর জানায়, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫২৪৯ সেনাসদস্য অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত রয়েছে, যা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের পর কোনো বৈদেশিক দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সংখ্যক মোতায়েন। সফরকালে জেনারেল শফিউদ্দিন আহমেদ কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে সেনাপ্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিশেষত, সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদের এবারের এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো অপারেশন কুয়েত পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর আরও অধিক সংখ্যক সেনাসদস্য মোতায়েন সংক্রান্ত বিষয়ে আলোচনা।

সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সামরিক বাহিনীর আলী আল সাবাহ্ মিলিটারি একাডেমি পরিদর্শনসহ অপারেশন কুয়েত পুণর্গঠনে নিয়োজিত বাংলাদেশী সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আগামী ৪ আগস্ট বাংলাদেশে পোঁছাবেন।

এএ