সত্যায়ন প্রক্রিয়ার কোনো প্রয়োজন হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-৩০ ১৮:০৯:৩২
সত্যায়ন করতে গিয়ে সাধারণ মানুষকে যে ভোগান্তিতে পড়তে হয়, তা দূর করতে দ্রুতই এই প্রক্রিয়া সহজ করে দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। তিনি বলেন, সবকিছু ডিজিটালাইজড হয়ে গেলে এই প্রক্রিয়ার কোনো প্রয়োজন পড়বে না।
রোববার (৩০ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ-সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যেহেতু স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গর্ভনমেন্টস বা সরকার ব্যবস্থা হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের যে বিষয়টি আছে, এগুলো আমাদের মাথার মধ্যে আছে। আপনারা কিছু দিন দেখবেন এগুলো সবই ডিজিটালাইজড হয়ে যাবে এবং এটার কোনো প্রয়োজন হবে না।
আধুনিক যুগ এসেও সত্যায়ন প্রক্রিয়া থাকা যৌক্তিক মনে করেন কিনা, চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন যে সত্যায়িত করতে গিয়ে কর্মকর্তারা বিরক্তি প্রকাশ করেন। চাকরিপ্রার্থীরাও দুর্ভোগে পড়েন। নিজেই সিল মেরে সত্যায়িত করেন। এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, খুবই চমৎকার প্রশ্ন। এটা আমারও কথা। আমরা ছাত্রজীবনেও দেখেছি। আমারটা অর্জিনালি আছে। একটা সিল দিয়ে মেরে দিলে তো হলো! এই যে ডিজিটালাইজেশনের যুগে আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা পরিবর্তনগুলো করছি।
ফরহাদ হোসেন বলেন, আমাদের কিন্তু এখন বিগ ডেটা…ভোটার আইডিতে এগুলো সব থেকে যাবে। আপনার ভোটার আইডি কার্ড দেন, সেখানে কিন্তু আপানার সনদগুলো—কোথায় কোথায় লেখাপড়া করেছেন—সব চলে আসবে। আপনি চাইলে অনেক ডেটা দেখে নিতে পারছেন।
তিনি বলেন, আমরা যখন এটা করবো, তখন কোনো মানুষের একটা কোড নম্বর থাকবে, সেই কোডটা দিলে কিন্তু অরিজিনাল কিনা আপনি দেখে নিতে পারছেন। সেক্ষেত্রে আমার মনে হয়, এটা অল্প দিনের মধ্যেই ডিজিটাল-বেইসড স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেখানে আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি এটার বিষয়ে কাজ করে সহজীকরণ করে দেব, যাতে কারো ভোগান্তি না থাকে।
বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক এতে সঞ্চালনা করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














