‘সংঘাত ও গ্রেপ্তার বাড়ছে, সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০১ ১১:১৭:৫৩


বাংলাদেশ নিয়ে কথা বলেছেন সভা-সমাবেশের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমো ভউল। এক টুইটার (এক্স) পোস্টে তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশে বলেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।

সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে করা টুইটে হ্যাশট্যাগ বাংলাদেশ লিখে ক্লেমো ভউল লেখেন, চলমান বিক্ষোভ সমাবেশে সংঘাত ও গ্রেপ্তারের মাত্রা বাড়ছে, এ অবস্থায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার টুইটে আরও বলেন, চলমান বিক্ষোভের সময় ক্রমবর্ধমান সহিংসতা এবং গ্রেপ্তারের মধ্যে, আমি সব পক্ষকে সংযম অনুশীলন করার আহ্বান জানাই। আমি কর্তৃপক্ষকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছি যে তারা সভা-সমাবেশ করার অধিকার নিশ্চিত করবে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করা থেকে বিরত থাকবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ভিন্নমতের কণ্ঠস্বরকে সম্মান করা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের পতাকার একটি চিত্র জুড়ে দিয়ে টুইট করেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার।

গত বছরের ডিসেম্বরে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে দমনপীড়ন এবং ২০২১ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে বিক্ষোভকারীদের দমন নিয়ে পৃথক বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার। আজকের টুইট শেয়ার করে ওই দুটি বিবৃতি যুক্ত করে দিয়েছেন তিনি।

এম জি