যাত্রাবাড়ীতে গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-০৫ ১১:৫৭:২৪


রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেলো নাজমা বেগম (৪৬) নামে এক নারীর। শনিবার (৫ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগমের ছেলে আব্দুল মমিন জানান, চিকিৎসার জন্য ভোলা থেকে আজই ঢাকায় আসেন নাজমা বেগম। সদরঘাট থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় উঠেন তিনি। শনির আখড়ার দিকে যাওয়ার সময় ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে ম্যানহোলের ঢাকনার সঙ্গে রিকশার ধাক্কা লাগে। এতে রিকশা থেকে ছিটকে পড়লে পেছন থেকে একটি সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার উখিয়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এম জি